বাংলাদেশে আসছেন বিশ্বের প্রভাবশালী ছয় আলেম
আগামী নভেম্বর মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে যোগ দিতে মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয়জন আলেম বাংলাদেশে আসছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমি।
তিনি জানান, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির পীর সাহেব মধুপুরী মাওলানা আবদুল হামিদের আমন্ত্রণে তারা এ সফরে আসছেন। আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য এই মহাসম্মেলনে আলেমরা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
আগত আলেমরা হলেন—
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান,
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি (ভারত),
দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি (ভারত),
মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি (ভারত),
মক্কা শরিফের মাওলানা ওমর হাফিজ মক্কি,
মাওলানা আবদুর রউফ মক্কি।
এ বিষয়ে উবাইদুল্লাহ কাসেমি বলেন, ইতোমধ্যে পীর সাহেব মধুপুরী পাকিস্তানি আলেম মাওলানা ফজলুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। একইভাবে ভারতের শীর্ষ আলেম আরশাদ মাদানি, মাহমুদ মাদানি ও নোমানি কাসেমিসহ অন্যান্য আলেমদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সবাই দাওয়াত গ্রহণ করেছেন।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী জানান, সম্মেলন সফল করতে জোরালো প্রস্তুতি চলছে। এই সম্মেলন আয়োজন করছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ এবং তা তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সম্মেলনে সকল ঈমানদার মুসলিমদের উপস্থিত থেকে খতমে নবুওয়তের (মুহাম্মদ (সা.) শেষ নবী) পবিত্র আকিদা সংরক্ষণের অঙ্গীকারে শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন পীর সাহেব মধুপুরী।”
উল্লেখ্য, খতমে নবুওয়ত অর্থ নবীগণের সমাপ্তি। ইসলামি আকিদা অনুসারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-ই শেষ নবী। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন: “মুহাম্মদ (সা.) তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী।” (সুরা আহযাব: ৪০)।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন