বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা।
সবকিছু ঠিকঠাক থাকলে এবং পরিকল্পনা অনুযায়ী এগোলে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মাত্র পাঁচ মাসের মধ্যে। তবে এই নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান নিয়ে তৈরি হয়েছে নানামুখী আলোচনা।
গত তিনটি জাতীয় নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, এমনকি শেখ হাসিনা সরকার ভারতের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনেই টিকে গেছে বলে অভিযোগও রয়েছে। তবে এবারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের দৃষ্টিভঙ্গি কী হতে পারে, তা নিয়ে ধোঁয়াশা বিরাজ করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক বছরে বারবার জানিয়েছে, তারা চায় বাংলাদেশে "যত দ্রুত সম্ভব" একটি সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী নির্বাচনে দলটি ঐতিহ্যবাহী "নৌকা" প্রতীকে অংশ নিতে পারবে—এমন সম্ভাবনা নেই বললেই চলে।
এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ-বিহীন কোনো নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক হিসেবে দেখবে কি না, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ভারতের একাডেমিক মহল, থিংকট্যাংক এবং সিভিল সোসাইটিতে আলোচনা অব্যাহত রয়েছে। সেখানে নানা মতামত উঠে আসছে—কেউ বলছেন ভারতের উচিত নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে চলা, আবার কেউ মনে করছেন আওয়ামী লীগকে উপেক্ষা করে বাংলাদেশে স্থিতিশীলতা আনা সম্ভব নয়।
এ সবকিছুই ঘটছে এমন সময়ে, যখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটি বড় অংশ বর্তমানে ভারতে অবস্থান করছেন।
BDS NEWS
প্রতিবেদক: শেখ সাদী

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন