নান্দাইলে আলমগীর হ/ত্যার বিচার ও খু'নীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
রিপোর্টার, নান্দাইল (ময়মনসিংহ):
মোহাম্মদ রাকিবুল ইসলাম।
মাদকের প্রতিবাদ করায় নান্দাইলে প্রবাসী আলমগীর হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী ও নিহতের পরিবার।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা নিহত আলমগীর হোসেনকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শেরপুর ইউনিয়নকে মাদক ও জুয়া মুক্ত করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হলে নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে নিহতের পরিবার ও শেরপুর ইউনিয়নের অন্তত তিন শতাধিক মানুষ অংশ নেন।
নিহতের বোন সিমা আক্তার বলেন, “আমার মায়ের বুক যারা খালি করেছে, আইনের মাধ্যমে তাদের মায়ের বুক খালি দেখতে চাই। ভাইকে যে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তা চোখের সামনে ভেসে ওঠে।”
নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে সন্ধ্যায় ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। পরে বস্তায় ভরে মাটিতে পুঁতে রাখে। আমার ছেলে হত্যার বিচার চাই, জড়িতদের ফাঁসি চাই।”
এ সময় বক্তব্য রাখেন নিহতের ভাগ্নি তানিয়া আক্তার, সাদ্দাম হোসেন, মাওলানা অলিউল্লাহ্, মো. জালাল উদ্দীন, সোহেল মিয়াসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে মাদকের প্রতিবাদ করায় প্রবাসী আলমগীর হোসেন (৩০) নিখোঁজ হন। তিনদিন পর সংগ্রামকেলী বাজারের বাঁশঝাড় থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলমগীর শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলী গ্রামের আবুল কালামের পুত্র।
এ ঘটনায় আলমগীরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি মাসুদ মিয়া ও ইমাম হোসেন রতনকে গ্রেফতার করেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন