মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আবুধাবিতে চালু হলো ৬-জি ইন্টারনেট সেবা
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ৬-জি ইন্টারনেট সেবা চালু করেছে দেশটির প্রধান টেলিযোগাযোগ কোম্পানি ই অ্যান্ড ইউএই (e& UAE)। এ পরীক্ষায় প্রতি সেকেন্ডে ১৪৫ গিগাবিট (Gbps) গতির রেকর্ড অর্জন সম্ভব হয়েছে, যা মধ্যপ্রাচ্যের টেলিযোগাযোগ খাতে এক নতুন মাইলফলক।
ই অ্যান্ড ইউএইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ এম শরীফ মাহমুদ বলেন, “বাস্তবিক অর্থে ৬-জি মানে তাৎক্ষণিকের চেয়েও দ্রুত প্রতিক্রিয়া, বিশাল ব্যান্ডউইথ, নেটওয়ার্কগুলোর সংযুক্তি এবং কোয়ান্টাম-প্রতিরোধী নিরাপত্তার সঙ্গে আরও সহজে সংযোগ স্থাপন।”
তিনি আরও জানান, যদি ৫.৫জি ‘ভৌত এআই’ পরিষেবার জন্য প্রস্তুত হয়, তবে ৬-জি নেটওয়ার্ক আরও বুদ্ধিমান, প্রতিক্রিয়াশীল এবং নকশায় স্বতন্ত্র।
তার মতে, ৬-জির অবিচ্ছেদ্য অংশ হলো স্যাটেলাইট ও উন্নত প্রযুক্তির প্ল্যাটফর্মগুলো, যা মরুভূমি, সমুদ্রপথ ও আকাশসীমায়ও ইন্টারনেট সেবার ধারাবাহিকতা নিশ্চিত করবে।
ই অ্যান্ড ইউএইর ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি ও তথ্য কর্মকর্তা মারওয়ান বিন শাকের বলেন, “এই অর্জনের মাধ্যমে ৬-জির রূপান্তরমূলক সম্ভাবনাগুলো খুঁজে দেখা যাবে। এটি মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও শহরগুলোর সংযুক্তির ধরণকেই বদলে দেবে।”
বিশেষজ্ঞদের মতে, ৬-জি ইন্টারনেটের এই গতিতে ব্যবহারকারীরা মাত্র এক সেকেন্ডে ১০৮০পি এইচডি রেজোলিউশনের প্রায় ৯টি হলিউড সিনেমা ডাউনলোড করতে পারবেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন