কাবুলে পাকিস্তানি বিমান হামলা, নিহত টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের আশঙ্কা
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে এই হামলা চালানো হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম Pakistan Observer জানিয়েছে, হামলায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে তার মৃত্যুর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সূত্র জানায়, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িটি বিধ্বস্ত হয় এবং তার সঙ্গে থাকা কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, রাতের বেলায় গাড়িতে করে যাচ্ছিলেন নূর ওয়ালি মেসুদ, তখনই আকাশ থেকে নির্ভুলভাবে আঘাত হানে পাকিস্তানের বিমান। বিস্ফোরণের পর কাবুলের আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর টিটিপি পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়ায় সংগঠনটির শক্ত ঘাঁটি রয়েছে। এর আগেও ওই অঞ্চলে টিটিপির হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হয়।
পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার বলেন, “অনেক হয়েছে, আমরা আর এমন হামলা সহ্য করব না।” তার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে বিমান হামলা হয়।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, “কাবুলে ছোট একটি বিস্ফোরণ ঘটেছে, সবাই শান্ত থাকুন।” তবে স্থানীয়রা বলছেন, বিস্ফোরণটি ছিল “অত্যন্ত শক্তিশালী”।
পাকিস্তান সামরিক বাহিনীর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে হামলা বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
সূত্র: Pakistan Observer
BDS NEWS

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন