নরসিংদীতে জমি নিয়ে দুই ভাইকে হ'ত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।
নিহতের পরিবারের অভিযোগ, ফোরা মিয়া ও শাকিলের বাবা তাহের ২০ বছর আগে তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭০০ টাকা ধার নেয়। তার প্রেক্ষিতে আউয়ালের ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া জমি দাবি করে আসছিল। সম্প্রতি স্থানীয়ভাবে বিচার-সালিশ হলে রায় আমাদের পক্ষে আসে।
তারা আরও অভিযোগ করেন, আজ শনিবার রিপন, শিপনরা ফের জমি দখল করতে আসে। এ সময় বাঁধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। এতে ফোরা, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন