সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে খেলাফত মজলিসের সন্তোষ


 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ঐতিহাসিক রায়ে গভীর সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দলীয় সরকারের অধীনে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ফলে দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রলম্বিত হয়। বিরোধী দল ও ভিন্নমতের মানুষের বিরুদ্ধে দমন-পীড়ন, গুম, হত্যাসহ নানা মানবাধিকার লঙ্ঘন ঘটে; বাকস্বাধীনতা সংকুচিত হয় এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।


বিবৃতিতে তারা জানান, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দেওয়ায় দেশবাসী আনন্দিত। তাদের মতে, এটি জনগণের বিজয় এবং আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


নেতৃবৃন্দ আরও বলেন, এই রায় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। দেশের ক্ষমতার শান্তিপূর্ণ পটপরিবর্তন, সন্ত্রাস-সহিংসতা রোধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।


খেলাফত মজলিস উচ্চ আদালতসহ এই রায়ের পক্ষে যারা কাজ করেছেন, তাদের সবাইকে মোবারকবাদ জানিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি