ভূমিকম্পে ছাত্রদের বাঁচাতে নিজেকে ঝুঁকিতে ফেলেছিলেন হিফজ শিক্ষক; পেলেন বিশেষ সম্মাননা
গত ২২ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় এ যাবতকালের অন্যতম তীব্র ভূমিকম্প। আকস্মিক কাঁপুনিতে ক্ষয়ক্ষতি ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন; এমনকি কেউ কেউ নিজের সন্তান পর্যন্ত ফেলে দৌড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।
এই ভয়াবহ পরিস্থিতিতেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রাজধানীর এক হিফজ বিভাগের শিক্ষক। ভূমিকম্প শুরু হতেই নিজের নিরাপত্তা ভুলে ছাত্রদের দিকে ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরে নিরাপদ রাখার চেষ্টা করেন তিনি। সিসিটিভির সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষকটির মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা ছড়িয়ে পড়ে সর্বমহলে।
হাফেজ মাওলানা শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা
গত সোমবার (২৪ নভেম্বর) তরুণ আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’ এই সাহসী শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করে।
সম্মাননা পাওয়া শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক।
সংগঠনটির নেতৃবৃন্দ শফিকুল ইসলামের কর্মস্থলে উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘সাধারণ আলেম সমাজ’র জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহ। সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম এবং ফতোয়া সেলের সহ-সম্পাদক মুফতি নজরুল ইসলাম।
তারা শফিকুল ইসলামের মানবিক ও দায়িত্বশীল কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে সমগ্র আলেম সমাজের গর্ব হিসেবে উল্লেখ করেন।
ভূমিকম্পের সময়ের সেই সাহসিকতা
ভাইরাল ভিডিওতে দেখা যায়—
শফিকুল ইসলাম দরজার পাশে বিছানায় শুয়ে মোবাইলে নজর রাখছিলেন। হঠাৎ ভূমিকম্প অনুভূত হতেই তিনি নিজে বের না হয়ে দ্রুত ছাত্রদের বিছানার দিকে দৌড়ে যান। দুই ছাত্রকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে। নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে এ ধরনের মানবিক উদ্যোগে মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
শিক্ষকের এমন দায়িত্ববোধ ও সাহসিকতার ঘটনাটি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে—‘শিক্ষক কেবল জ্ঞান দেন না, প্রয়োজনে জীবন দিয়েও সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ান।’

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন