ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে ভারতে অবস্থান করে তিনি ও তার দলের একাংশ বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
তলবকালে বাংলাদেশ সরকার অভিযোগ করে যে, আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন। এ ধরনের বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, এসব উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় বাংলাদেশ দ্রুততার সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আদালতের দেওয়া দণ্ড ভোগের জন্য পুনরায় প্রত্যর্পণের আহ্বান জানায়।
এছাড়া সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো ভারতের কাছ থেকে প্রত্যাশিত।
এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন