জানুয়ারি থেকে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা


 বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জানান, আগামী জানুয়ারি মাস থেকেই ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। এতে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ ছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ইমরান হায়দার বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ–পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীরা সক্রিয়ভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পড়াশোনার আগ্রহ উল্লেখযোগ্য। একই সঙ্গে লিভার ও কিডনি প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান। তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সফর, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ইমরান হায়দারের দায়িত্বকালেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি