উপদেষ্টা আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্বাধীন তদন্ত দাবি যুব অধিকার পরিষদের
রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদ্য করা সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সংগঠনটির সভাপতি মনজুর মোরশেদ মামুন এ দাবি জানান।
এর আগে দুদক কার্যালয়ের সামনে ‘ছাত্র–জনতা’র উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দাবি তোলা হয়— গত ১৭ মাসে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কীভাবে সম্পদ অর্জন করেছেন তার বিস্তারিত হিসাব প্রকাশ করতে হবে।
সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মামুন বলেন, “দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে তাদের যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়, তবে আমরা দুর্নীতি দমন কমিশন ঘেরাও করবো।” তিনি আরও অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম–দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
মামুন আরও দাবি করেন— উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের সত্যতা উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য দুদকের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তারা অভিযোগ করে বলেন— দুদক যে সরকারই ক্ষমতায় আসুক, সেই সরকারের ছায়াতলেই কাজ করে। ফলে দেশে দুর্নীতি প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না বলেও মন্তব্য করেন তারা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন