অনুমতি ছাড়াই নগ্ন ছবি বানাচ্ছে মাস্কের Ai


 সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক ব্যবহার করে নারী ও শিশুদের নগ্ন কিংবা যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরির অভিযোগ উঠেছে। সম্মতিহীন এই আপত্তিকর ছবি তৈরির ঘটনায় যুক্তরাজ্যে ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে।

এ ঘটনায় দেশটির সম্প্রচার ও অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা অফকম জরুরি মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি এক্স কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এই কর্মকাণ্ডকে ঘৃণ্য ও উদ্বেগজনক আখ্যা দিয়ে অফকমের উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, যদি এক্স ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে যুক্তরাজ্যে প্ল্যাটফর্মটি ব্লক করার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডাউনিং স্ট্রিট থেকেও জানানো হয়েছে, এ ধরনের কনটেন্ট যৌন সহিংসতার শিকারদের জন্য মারাত্মক অবমাননাকর।

বিতর্কের মুখে পড়ে এক্স কর্তৃপক্ষ গ্রোকের ছবি তৈরির সুবিধা উল্লেখযোগ্যভাবে সীমিত করেছে। এখন এই ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে না এবং অর্থপ্রদত্ত গ্রাহকদের জন্যও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তবে বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে, সাধারণ এআই টুল ব্যবহার করেও নারীদের ছবি বিকৃত করে নগ্ন বা যৌন ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা এখনও সম্ভব।

এমনকি ইলন মাস্কের সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার অভিযোগ করেছেন, তার সন্তানের শৈশবের ছবি গ্রোকের মাধ্যমে যৌন ইঙ্গিতপূর্ণভাবে তৈরি করা হয়েছিল। তিনি দাবি করেন, এ ধরনের অবৈধ কনটেন্ট প্রতিরোধে এক্স কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি মাস্কের বিরুদ্ধে সন্তানের একক হেফাজত চেয়ে মামলা করেছিলেন।

যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী অফকম চাইলে আদালতের মাধ্যমে এক্সের অর্থনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া বা দেশটিতে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার নির্দেশ দিতে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশ্লেষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, মুক্ত প্ল্যাটফর্মের নামে এআই প্রযুক্তির অনৈতিক ব্যবহার ও শিশু সুরক্ষা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি